মমতার দুর্গে হুমায়ুনের সার্জিক্যাল স্ট্রাইক ১৫ প্রার্থী ঘোষণা ও অধীরকে সমর্থনের হুঙ্কারে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীর নিজের নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূলের অন্দরে কম্পন ধরিয়ে দিয়েছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে লড়াইয়ের লক্ষ্য নিয়ে তিনি সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসানোর পরিকল্পনা করেছেন। নিজে রেজিনগর ও নওদা থেকে লড়ার পাশাপাশি কান্দি, বেলডাঙা ও সুজাপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও প্রার্থী দিয়েছেন এই বিদ্রোহী নেতা।
রাজনৈতিক সমীকরণে বড় বদল এনে হুমায়ুন স্পষ্ট জানিয়েছেন যে, বহরমপুরে অধীর চৌধুরী দাঁড়ালে তিনি তাঁকে পূর্ণ সমর্থন করবেন। এমনকি নওশাদ সিদ্দিকীর জয় কামনা করে তিনি শাসকদলের সংখ্যালঘু সংহতিতে ফাটল ধরানোর ইঙ্গিত দিয়েছেন। লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের জয়কে নিজের “সবচেয়ে বড় ভুল” বলে স্বীকার করে তিনি এখন মুর্শিদাবাদ ও মালদহ জেলায় তৃণমূলের আধিপত্য খর্ব করতে মরিয়া।
বিশেষজ্ঞদের মতে, হুমায়ুন কবীরের এই পদক্ষেপ সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে তৃণমূলের জয়-পরাজয়ের সমীকরণ ওলটপালট করে দিতে পারে। বিশেষ করে ১০-১২টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভোট ব্যাংক ভাগ হলে শাসকদলের দুর্গ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূলের জন্য হুমায়ুনের এই বিদ্রোহ এবং অধীর চৌধুরীর প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন আগামী নির্বাচনে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে।

