মমতার পরাজয় নিশ্চিত, নির্বাচনী ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ার চিত্রনাট্যও তৈরি: অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সাক্ষাৎকারে তিনি কটাক্ষ করে বলেন, হারের পর সংবাদমাধ্যমের সামনে কী বলবেন, তৃণমূলনেত্রী তা আগেভাগেই স্থির করে ফেলেছেন। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে মমতার আপত্তির কড়া সমালোচনা করে শাহ প্রশ্ন তোলেন, অ-বিজেপি শাসিত রাজ্য কেরল বা তামিলনাড়ুতে এই প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও কেবল পশ্চিমবঙ্গেই কেন বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।
রাজ্যে অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকারকে বিঁধে শাহ জানান, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবেই। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আইপ্যাক-কাণ্ড— সবক্ষেত্রেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাকে কাজে বাধা দিয়ে এবং সাধারণ মানুষকে উস্কানি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। তবে এবার সাধারণ মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলায় কোনো ‘সহানুভূতির কার্ড’ কাজ করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার কলকাতায় মমতার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ‘চার্জশিট’ বা শ্বেতপত্র প্রকাশ করতে চলেছেন অমিত শাহ। সেখানে নিয়োগ দুর্নীতি, আইন-শৃঙ্খলা এবং অনুন্নয়নের মতো ১৪টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং নিয়োগ পরীক্ষায় বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শাহের এই সফর ও অভিযোগনামা প্রকাশের মাধ্যমে রাজ্যের নির্বাচনী লড়াইয়ে বিজেপি নতুন করে গতি সঞ্চার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

