মমতার হাতা-খুন্তি মন্তব্য ‘উস্কানিমূলক’! রাজ্যের সিইও-র কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মাটিগাড়া-নকশালবাড়ির জনসভা থেকে ভোটারদের উদ্দেশে তাঁর দেওয়া একটি বার্তাকে ‘উস্কানিমূলক’ বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরকে ভিডিও ক্লিপটি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং প্রশাসনিক রদবদল নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী মহিলাদের বুথ পাহারা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাইরের কেউ ভয় দেখাতে আসলে ঘরে থাকা ‘হাতা-খুন্তি’ নিয়েই যেন মা-বোনেরা বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার পর নির্বাচনী আবহে অশান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছে কমিশন।
জনসভা থেকে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বদলির ক্ষেত্রে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দাগেন। বর্তমানে কমিশনের নির্দেশে ওই বিতর্কিত ভিডিও ফুটেজটি নিবিড়ভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে।

