লেটেস্ট নিউজ

মমতা ও অভিষেকের জীবনসংগ্রাম নিয়ে বড় চমক, ২০২৬ নির্বাচনের আগেই আসছে বিশেষ সিনেমা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে এবার বড়সড় ধামাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই এবার উঠে আসতে চলেছে রূপোলি পর্দায়। দীর্ঘ কয়েক দশকের লড়াই, ঘাত-প্রতিঘাত এবং রাজনৈতিক উত্থানের গল্প নিয়ে তৈরি হচ্ছে বিশেষ ডকু-ফিচার ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। আজ সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই তথ্যচিত্রের টিজার মুক্তি পেতে চলেছে।

পর্দার আড়ালে আসল লড়াই

১৯৯৩ সাল থেকে ২০২৬— এই দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে ফ্রেমবন্দি করা হয়েছে এই তথ্যচিত্রে। বাম আমলের সেই উত্তাল দিনগুলি থেকে শুরু করে আজকের ‘জননেত্রী’ হয়ে ওঠার নেপথ্যে যে কতটা কঠিন পথ মমতা বন্দ্যোপাধ্যায়কে পেরোতে হয়েছে, তারই এক জীবন্ত দলিল হতে চলেছে এই ছবি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, এই তথ্যচিত্রে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকেও। অনেকেই হয়তো জানেন না যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শুরুর দিনগুলো থেকেই তাঁর ছায়াসঙ্গী ছিলেন অভিষেক। সেই অজানা ইতিহাসই এবার প্রকাশ্যে আনছেন পরিচালক রাহুল সাহা।

নির্বাচনের আগে বিরোধীদের জবাব

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। আরকে এন্টারটেনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জুনইদ খান, যিনি নিজেই এই ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। উদ্যোক্তাদের স্পষ্ট দাবি, বর্তমান সময়ে বিরোধীদের নানা ‘অপপ্রচারের’ যোগ্য জবাব দিতেই এই ২৫ মিনিটের বিশেষ তথ্যচিত্র সাজানো হয়েছে। নতুন প্রজন্মের কাছে দিদির লড়াকু মানসিকতা এবং বাংলার রাজনীতির বিবর্তন পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।

কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

বর্তমানে ছবির শুটিং চলছে জোরকদমে। জানা গেছে, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই গোটা রাজ্যের মানুষের জন্য এটি মুক্তি দেওয়া হবে। ছবির কনসেপ্ট এবং স্ক্রিপ্ট লিখেছেন জুনইদ খান নিজেই। আজ বিকেলে টিজার লঞ্চের পর থেকেই এই সিনেমা নিয়ে রাজনৈতিক মহলে পারদ চড়বে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *