লেটেস্ট নিউজ

ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য: রাহুলের ফুসফুসে বালি ও জল, দেহ ফিরছে কলকাতায় – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তমলুক হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। অভিনেতার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং শ্বাসনালি ও পাকস্থলীতে প্রচুর পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে শববাহী গাড়িতে করে তাঁর দেহ কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছেন বন্ধু ও সহকর্মীরা।

বিজয়গড়ে রাহুলের বাসভবন সংলগ্ন ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু জয়রাজ বন্দ্যোপাধ্যায়, সৌরভ পালোধি ও শতরূপ ঘোষেরা বিকেলের মধ্যেই কলকাতায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া ও তাঁর গুণমুগ্ধরা। রাহুলের শেষযাত্রায় সামিল হতে অনুরাগী ও পরিজনরা ইতিধ্যেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন।

অন্যদিকে, তদন্তের স্বার্থে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলোতে আসলে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ওই ফুটেজ বড় প্রমাণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথা বলা হলেও, শুটিং সেটে নিরাপত্তার কোনো অভাব ছিল কি না বা অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *