ময়নায় তৃণমূলের ঘর ভাঙলেন শুভেন্দু, বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলুই
পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধায়ক অশোক দিন্দার উপস্থিতিতে তিনি পদ্মশিবিরের পতাকা হাতে তুলে নেন। সম্প্রতি স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডলের তৃণমূলে যোগদানের পাল্টাচাল হিসেবেই এই হেভিওয়েট দলবদলকে শুভেন্দু অধিকারীর ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি নেতৃত্বের দাবি, সংগ্রাম দোলুইয়ের আগমনে এলাকায় সংগঠনের শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। চন্দন মণ্ডলের দলবদলকে গুরুত্বহীন বলে কটাক্ষ করে তারা বুঝিয়ে দিল যে, প্রাক্তন বিধায়ককে নিজেদের শিবিরে টেনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত সংগ্রামের এই পদক্ষেপে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, এই দলবদলকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় জানান, দীর্ঘ সময় ধরেই দলের সাথে সংগ্রামের দূরত্ব ছিল। কোন চাপে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা সময় বলবে বলে মন্তব্য করেন তিনি। তৃণমূলের দাবি, একজন নেতার বিদায়ে সংগঠনের কোনো ক্ষতি হবে না, বরং ময়নায় দল আগের চেয়েও বেশি শক্তিশালী।

