ময়নায় শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’, বিজেপি শিবিরে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলুই
তৃণমূলের ঘর ভাঙল পূর্ব মেদিনীপুরের ময়নায়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি শিবিরে যোগ দিলেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্ডার হাত থেকে তিনি গেরুয়া শিবিরের পতাকা তুলে নেন। সম্প্রতি বিজেপি নেতা চন্দন মণ্ডলের তৃণমূলে যোগদানের পাল্টা হিসেবে এই পদক্ষেপকে শুভেন্দু অধিকারীর বড় রাজনৈতিক জয় বা ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
বিজেপি নেতৃত্বের মতে, সংগ্রাম দোলুইয়ের মতো হেভিওয়েট নেতার আগমনে ময়না এলাকায় দলের সংগঠন আরও শক্তিশালী হবে। চন্দন মণ্ডলের দলবদল নিয়ে বিজেপি নেতৃত্ব তাকে ‘ছোট মাপের নেতা’ বলে কটাক্ষ করেছিল। তার রেশ কাটতে না কাটতেই খোদ প্রাক্তন বিধায়ককে নিজেদের শিবিরে টেনে এনে শাসকদলকে কড়া জবাব দিল পদ্ম শিবির। এর ফলে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যেও বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, এই দলবদল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় জানান, দীর্ঘ সময় ধরেই দলের সঙ্গে সংগ্রাম দোলুইয়ের দূরত্ব তৈরি হয়েছিল। কোন চাপে বা প্রলোভনে তিনি বিজেপিতে গিয়েছেন, তা সময় বলবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, সংগ্রাম দোলুই দল ছাড়লেও ময়না এলাকায় শাসকদলের শক্তি ও জনভিত্তি বিন্দুমাত্র কমবে না।

