মাইক অন থাকতেই ব্যক্তিগত মন্তব্য ব্র্যাভোর, অস্বস্তিতে কেকেআর শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল শুরুর আগেই অনভিপ্রেত বিতর্কে জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্র্যাভো। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি চলাকালীন মাইক অন থাকায় তার একটি ব্যক্তিগত মন্তব্য প্রকাশ্যে চলে আসে। প্রাক্তন ক্যারিবিয়ান তারকা হালকা চালে সহকর্মীদের উদ্দেশে বলে বসেন, “বাড়িতে আমার দু’জন সঙ্গিনী রয়েছে।” ব্র্যাভোর এই বেফাঁস মন্তব্যে মুহূর্তেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়।
পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি হস্তক্ষেপ করেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ব্র্যাভোকে মনে করিয়ে দেন যে মাইক ইতিমধ্যেই সচল রয়েছে। এই সতর্কবার্তার পর মেন্টর ও কোচেরা অপ্রস্তুত হয়ে পড়েন। যদিও বিষয়টি নিছক রসিকতা নাকি অন্য কোনো প্রসঙ্গের অংশ ছিল, তা স্পষ্ট নয়। তবে পেশাদার মঞ্চে এমন শব্দচয়ন নিয়ে ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়েছে।
ঘটনার পর কেকেআর কর্তৃপক্ষ তাদের পেজ থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নিলেও ভিডিওর ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ব্যক্তিগত জীবনে ব্র্যাভোর একাধিক সম্পর্ক ও সন্তান নিয়ে আগেও আলোচনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে মরশুম শুরুর মুখে এমন বিতর্ক দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে।

