লেটেস্ট নিউজ

মাঝআকাশে ইঞ্জিনে বিপত্তি: ১৬১ যাত্রী নিয়ে দিল্লিতে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ১৬১ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করা বিমানটির ইঞ্জিনে গোলযোগ ধরা পড়লে পাইলট দ্রুত দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। নির্ধারিত সময় সকাল ১০টা ৫৩ মিনিটের আগেই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

জরুরি বার্তার পর দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি ‘ফুল ইমার্জেন্সি’ বা সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে দমকল ও অ্যাম্বুল্যান্সসহ যাবতীয় সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল। তবে পাইলটের দক্ষতায় বিমানটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরাপদভাবে অবতরণ করতে সক্ষম হয়।

অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বিমানে থাকা ১৬১ জন যাত্রীই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক কী কারণে ইঞ্জিনে এই প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, তা বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে। গত মাসেও দিল্লিতে একই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে অন্য একটি সংস্থার বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *