মাঝআকাশে বিকট শব্দ আর যান্ত্রিক বিভ্রাট, মাঝপথ থেকেই দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
মাঝআকাশে হঠাৎ বিকট শব্দ আর যান্ত্রিক গোলযোগের আশঙ্কায় লন্ডনের পথ থেকে মাঝপথেই দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে রওনা হওয়া AI111 উড়ানটি সৌদি আরবের আকাশসীমায় পৌঁছানোর পরই বিপত্তি ঘটে। যাত্রীদের দাবি, বিমানের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার কথা ভেবে পাইলটরা দ্রুত দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় ৭ ঘণ্টা আকাশে থাকার পর এয়ারবাস A350-900 মডেলের বিমানটি দুপুর সাড়ে ১২টা নাগাদ নিরাপদে অবতরণ করে। উল্লেখ্য, এই একই বিমানে গত ১৫ মার্চ নিউ ইয়র্ক থেকে আসার পথেও সমস্যা দেখা দিয়েছিল এবং সেবার আয়ারল্যান্ডে জরুরি অবতরণ করতে হয়েছিল। বারবার একই বিমানে এমন বিভ্রাটে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে।

