মাঝনদীতে উড়ন্ত চিনুক আর ভাসমান ব্রিজ! ভারতীয় বায়ুসেনার অভাবনীয় রণকৌশলে কাঁপছে শত্রুদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
নদী বা খাল আর বাধা নয়। মাঝ আকাশে ভারী চিনুক হেলিকপ্টার থেকে সোজা জলে নেমে এল আস্ত এক যুদ্ধের সেতু! ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এই প্রথম পশ্চিম সীমান্তে এমনই এক হাড়হিম করা রণকৌশল সফল হলো। ‘পন্টুন অ্যাসল্ট ব্রিজ’ আকাশপথে বয়ে নিয়ে গিয়ে নিমেষের মধ্যে জলপথে মোতায়েন করে বিশ্বরেকর্ড গড়ল চিনুক।
রণক্ষেত্রে নতুন বিপ্লব
সাধারণত এই বিশাল সেতুগুলি ভারী ট্রাকে করে যুদ্ধক্ষেত্রে আনা হয়। কিন্তু এবার ১১ টন ওজন বহনে সক্ষম শক্তিশালী চিনুক হেলিকপ্টার দুর্গম জলপথের ওপর দিয়ে উড়ে এসে পন্টুন ব্রিজের অংশগুলো নিখুঁতভাবে নামিয়ে দেয়। সেনার ইঞ্জিনিয়াররা দ্রুত সেই অংশগুলো জুড়ে তৈরি করে ফেলেন ৩০০ মিটারের দীর্ঘ শক্তিশালী সেতু।
ট্যাঙ্ক চলাচলেও নেই বাধা
এই সেতুর বিশেষত্ব হলো এর ওপর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবে টি-৯০ ভীষ্মের মতো ভারী যুদ্ধের ট্যাঙ্ক। ফলে শত্রুশিবিরের দিকে এগোতে নদী বা খাল এখন আর ভারতীয় সেনার জন্য কোনো প্রতিবন্ধকতা নয়। রুশি এমআই-২৬ হেলিকপ্টারের জায়গা নিয়ে চিনুক এখন ভারতের আকাশসীমার আসল ‘বাহুবলী’।
পূর্ব লাদাখ থেকে অরুণাচল, দুর্গম পাহাড়ি এলাকা আর নদীর ওপর এই দ্রুত সেতু নির্মাণের ক্ষমতা ভারতীয় সেনার আক্রমণাত্মক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিল। আধুনিক যুদ্ধের ময়দানে ভারতের এই নতুন কৌশল এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়।

