মাটির নিচ থেকে বেরোল ২২৭ কেজির জ্যান্ত দানব! – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বহরাগোড়া এলাকায় সুবর্ণরেখা নদীর তীরে মাটি খননের সময় উদ্ধার হয়েছে প্রায় ২২৭ কেজি ওজনের একটি বিশালাকার বোমা। প্রায় ৫০০ পাউন্ড ওজনের এই ভয়াবহ বিস্ফোরকটি পাওয়ার পরেই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল সিল করে দেয় এবং রাঁচি থেকে ভারতীয় সেনার একটি বিশেষ বিশেষজ্ঞ দল তলব করা হয়।
সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কয়েক দশক ধরে মাটির নিচে চাপা পড়ে থাকলেও বোমাটি এখনও ‘লাইভ’ বা সক্রিয় অবস্থায় রয়েছে, যা যেকোনো মুহূর্তে বড়সড় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ড্রোন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে সেনার দল পুরো এলাকাটি খতিয়ে দেখছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো আমেরিকান যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল, যা এতদিন বালুর নিচে চাপা পড়ে ছিল।
বর্তমানে পুরো এলাকাটিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেনার বিশেষ টিম অত্যন্ত সতর্কতার সাথে বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। নদীর তীরে আরও বোমা দবে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

