মাতৃভাষা দিবসে ভাষার মর্যাদা রক্ষায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202612:58 pm
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানান, বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, সাঁওতালি, নেপালি ও উর্দুর মতো প্রতিটি ভাষার সমান সম্মান বজায় রাখা তাঁর সরকারের অঙ্গীকার। রবীন্দ্রনাথ-নজরুলের উত্তরাধিকার বহনকারী এই বাংলায় কোনও ভাষার ওপর আঘাত এলে তা বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, তাঁর শাসনকালে হিন্দি, কুড়মালি, কামতাপুরী ও পাঞ্জাবিসহ একাধিক ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ভাষা আকাদেমি গঠন এবং মাতৃভাষায় শিক্ষালাভের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও তিনি তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি নাম না নিলেও ভিনরাজ্যে শ্রমিকদের ওপর হামলা ও মনীষীদের অবমাননার প্রসঙ্গ টেনে তিনি বিরোধী শিবিরের প্রতিই কড়া বার্তা দিয়েছেন।
অন্যদিকে, ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বাংলাদেশেও কেন্দ্রীয় শহিদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একুশের এই ঐতিহাসিক আবহে মুখ্যমন্ত্রী আবারও স্মরণ করিয়ে দেন যে, মাতৃভাষা ও মাতৃভূমির সম্মান রক্ষায় পশ্চিমবঙ্গ সর্বদা আপসহীন অবস্থান বজায় রাখবে।

.jpeg.webp)