মানসিক চাপ ও অনিদ্রা দূর করতে পারে ভেগাস স্নায়ু, জেনে নিন সক্রিয় করার কৌশল
বর্তমান সময়ের ব্যস্ত জীবনে কর্মক্ষেত্রের চাপ ও উদ্বেগ মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই ধরনের মানসিক টানাপড়েন থেকে মুক্তি পেতে শরীরের ভেতরেই লুকিয়ে আছে একটি বিশেষ ‘বোতাম’, যার নাম ভেগাস স্নায়ু। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্নায়ুকে সঠিকভাবে সক্রিয় করতে পারলেই দ্রুত মানসিক চাপ কমিয়ে মন শান্ত করা সম্ভব। অন্যথায় দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণে অনিদ্রার মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
ভেগাস স্নায়ু উদ্দীপিত করার অন্যতম কার্যকরী উপায় হলো নির্দিষ্ট শ্বাসের ব্যায়াম। ‘৪-৪-৮’ পদ্ধতিতে চার সেকেন্ড শ্বাস নিয়ে চার সেকেন্ড ধরে রাখতে হবে এবং পরবর্তী আট সেকেন্ড ধরে তা ছাড়তে হবে। এছাড়া গলার স্বর ব্যবহার করে গুনগুন করে গান গাইলে বা ‘ওঁ’ শব্দ উচ্চারণ করলে এই স্নায়ু দ্রুত সক্রিয় হয়। এই সহজ কৌশলগুলো প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট অনুশীলন করলে স্নায়বিক উত্তেজনা প্রশমিত হয়।
শারীরিক প্রশান্তির জন্য ঠান্ডা জলের ব্যবহারও অত্যন্ত ফলপ্রসূ। অতিরিক্ত দুশ্চিন্তা বা মেজাজ হারানোর মুহূর্তে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলে বা বরফ ব্যবহার করলে মস্তিষ্ক শান্ত হওয়ার সংকেত পায়। যারা অনিদ্রায় ভুগছেন, তারা রাতে ঘুমানোর আগে ঠান্ডা জলে স্নান করলে বিশেষ উপকার পেতে পারেন। সঠিক ঘরোয়া কৌশলে শরীরের এই প্রাকৃতিক ব্যবস্থা কাজে লাগিয়ে সহজেই স্ট্রেস-মুক্ত জীবন যাপন করা সম্ভব।

