‘মানুষের প্রত্যাখ্যান’, ডাবগ্রাম-ফুলবাড়ি ছেড়ে শিলিগুড়িতে ফিরছেন গৌতম দেব – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। একদা নিজের নির্বাচনী কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়িতে একটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে তিনি সাফ জানিয়ে দেন, আগামী নির্বাচনে তিনি আর এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ২০২১ সালের নির্বাচনে পরাজয়ের আক্ষেপ প্রকাশ করে মেয়র বলেন, এখানকার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন, তাই তিনি সসম্মানে নিজের জন্মভূমি শিলিগুড়িতেই ফিরে যেতে চান।
গত নির্বাচনে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার স্মৃতি উসকে দিয়ে গৌতম বাবু অভিযোগ করেন, বিগত পাঁচ বছরে এলাকার বিজেপি সাংসদ বা বিধায়ক কেউই কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেননি। তা সত্ত্বেও মানুষ কেন তাঁদের ভোট দেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেও, পুনরায় এখানে প্রার্থী হওয়ার অনিচ্ছা প্রকাশ করে তিনি দলের কাছে শিলিগুড়ি কেন্দ্রে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
মেয়রের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। গৌতম দেবের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পাল্টা দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনেই মেয়র নিরাপদ আশ্রয় খুঁজছেন। তাঁর মতে, ডাবগ্রাম-ফুলবাড়ির চেয়েও শিলিগুড়িতে তৃণমূলের হার আরও শোচনীয় হবে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনেও শিলিগুড়ির নিজস্ব বুথে লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন মেয়র।

