মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, মুখ খুলল আমেরিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালানোর সময় একটি অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করার দাবি করেছে দেশটির রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি, যেখানে বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম কোনো অত্যাধুনিক মার্কিন বিমানে ইরান সফল হামলার দাবি জানাল।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স ইরানের এই দাবি সরাসরি স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, তাদের একটি যুদ্ধবিমান জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে, তবে সেটি নিরাপদেই নির্দিষ্ট ঘাঁটিতে ফিরেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, বিমানটিতে হামলা হলেও সেটি শেষ পর্যন্ত অবতরণ করতে সক্ষম হয়। বর্তমানে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে সামরিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে আমেরিকা ও ইসরায়েল বড় ধরনের বিমান বহর মোতায়েন করেছে। এই সংঘাতে এর আগেও বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি দাবিতে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক মহল কড়া নজর রাখছে।

