লেটেস্ট নিউজ

মার্চের তৃতীয় সপ্তাহেই রাজ্যে ভোটের দামামা বাজাতে চায় কমিশন, দ্রুত শুনানি শেষের কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ৫ মে-র মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিশ্চিত করতে মার্চের তৃতীয় সপ্তাহেই রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আইনি বাধ্যবাধকতা বজায় রাখতে নির্ধারিত সময়ের অন্তত ৪৩ থেকে ২৮ দিন আগে ঘোষণা জরুরি হওয়ায় তোড়জোড় শুরু হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণে জেলা প্রশাসনগুলিকে দ্রুত শুনানির কাজ শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের সাত দিনের মধ্যেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লিতে ফিরে গিয়েই ভোট ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।

বর্তমানে এক কোটিরও বেশি সন্দেহজনক ভোটারের নথি যাচাই ও শুনানির বিশাল কাজ বাকি থাকায় প্রশাসনের অন্দরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নির্ধারিত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব না হলেও তা সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত পিছোতে পারে। কমিশন স্পষ্ট করেছে যে, ভোটারদের আপত্তির জন্য প্রয়োজনীয় ১০ দিন সময় দেওয়ার পর আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না। পদ্ধতিগত জটিলতা কাটিয়ে দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের, যাতে মার্চের শেষ নাগাদ সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *