মার্চে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ভারতে কি দেখা যাবে ‘ব্লাড মুন’?
২০২৬ সালের ৩ মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, যা একইসঙ্গে ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত। জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহণটি ওইদিন দুপুর ৩টে ২০ মিনিটে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত। সিংহ রাশি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হবে। ভারতে এই মহাজাগতিক দৃশ্যটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে, তাই ধর্মীয় শাস্ত্রানুসারে এখানে ‘সূতককাল’ কার্যকর হবে। গ্রহণের প্রায় ৯ ঘণ্টা আগে অর্থাৎ ৩ মার্চ ভোর ৬টা ২০ মিনিট থেকে এই অশুভ সময় শুরু হবে। সূতককাল চলাকালীন পূজা-পার্বণসহ যেকোনো ধরনের শুভ কাজ বা নতুন উদ্যোগ গ্রহণ করা নিষিদ্ধ বলে গণ্য করা হয়। গ্রহণ শেষ হওয়ার পরেই পুনরায় স্বাভাবিক ধর্মীয় আচার শুরু করা যাবে।
২০২৬ সালে মোট চারটি গ্রহণের মধ্যে এটি দ্বিতীয়। এর আগে ১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মার্চের এই চন্দ্রগ্রহণের পর ২৯ জুলাই একটি সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বছরের পরবর্তী এই দুটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে না বলে সেগুলির ক্ষেত্রে কোনো সূতককাল পালনের প্রয়োজন নেই। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মার্চের এই রক্তিম চাঁদ রাতের আকাশে এক অনন্য সৌন্দর্য বয়ে আনবে।

