মালদায় ‘তপশিলি সংলাপ’ কর্মসূচিতে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন, জনসংযোগে জোর – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর মালদায় জোরকদমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার সকালে পুরাতন মালদার সেতু মোড় এলাকা থেকে ‘তপশিলি সংলাপ’ কর্মসূচিকে সামনে রেখে এই প্রচার অভিযান শুরু হয়। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন যুব নেতা কমল ঘোষসহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকরা। এলাকায় প্রচারকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রচার গাড়ির মাধ্যমে প্রার্থী সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের খতিয়ান গ্রাম ও শহরের মানুষের কাছে তুলে ধরা। বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত সরকারি পরিষেবা ও প্রকল্পগুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এই প্রচারের মাধ্যমে।
জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনছেন প্রার্থী লিপিকা বর্মন। তিনি জানান, মানুষের সমস্যার দ্রুত সমাধানেই তাঁর মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পায়ে হেঁটে এবং প্রচার গাড়ির মাধ্যমে এই নিবিড় জনসংযোগ ভোটারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে শাসক ও বিরোধী, সব শিবিরই প্রচারে ব্যস্ত সময় পার করছে।

