মুম্বইয়ে মেট্রোর নির্মীয়মাণ পিলারের অংশ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ কাড়ল একজনের – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : মুম্বইয়ের মুলুন্দ ওয়েস্ট এলাকায় এলবিএস রোডে মেট্রো সম্প্রসারণের কাজ চলাকালীন নির্মীয়মাণ পিলারের একটি বিশাল সিমেন্ট স্ল্যাব আচমকা রাস্তার ওপর ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। ভেঙে পড়া স্ল্যাবটি একটি অটো এবং পশ্চিমবঙ্গের নম্বর প্লেট যুক্ত একটি গাড়ির ওপর পড়লে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি ও সুরক্ষাবিধি লঙ্ঘন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং যান চলাচল বিঘ্নিত হয়েছে।

