মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রায় উত্তেজনা, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি হয়। রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, উচ্চস্বরে গানবাজনা এবং নামাজ চলাকালীন বাদানুবাদ থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
এই সহিংসতার জেরে এলাকার প্রায় ৪০টি দোকানে ভাঙচুর চালানো হয় এবং বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল থেকে সংলগ্ন বাড়ি ও দোকানে হামলা চালানো হয়েছে। ঘটনায় জঙ্গিপুর পুরসভার এক কর্মীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

