মেয়েকে স্কুলে ভর্তির টোপ দিয়ে সর্বস্বান্ত বাবা! খাস কলকাতায় নয়া প্রতারণার জাল – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: খাস কলকাতায় এবার স্কুল ভর্তির নামে বড়সড় প্রতারণা। কেন্দ্রীয় বালিকা বিদ্যালয়ে মেয়েকে ভর্তি করানোর নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগুইআটির বাসিন্দা ওই ভুক্তভোগী এক বছর আগে এক যুবকের পরিচয় হয়। বন্ধুত্ব জমিয়ে ওই যুবক দাবি করে, সে কেন্দ্রীয় স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিতে পারবে। সরল বিশ্বাসে তিন দফায় মোট ৫০ হাজার টাকা তুলে দেন ওই ব্যক্তি। কিন্তু টাকা নিয়েও ভর্তি না হওয়ায় এবং ওই যুবক যোগাযোগ বিচ্ছিন্ন করায় প্রতারণার বিষয়টি সামনে আসে।
ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। বারবার সচেতন করার পরেও এই ধরনের জালিয়াতির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরে।

