লেটেস্ট নিউজ

যুদ্ধ আবহে ওষুধের কাঁচামালের আকাশছোঁয়া দাম, বড় সংকটের মুখে দেশের স্বাস্থ্য পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে টালমাটাল ভারতের ওষুধ শিল্প। হরমুজ প্রণালী দিয়ে কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় আমদানিকৃত উপাদানের দাম ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় প্যারাসিটামলের মতো জীবনদায়ী ওষুধের উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতিতে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি দাম বাড়ানোর হুঁশিয়ারি দেওয়ায় সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় বহুগুণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দেশের ২৫ শতাংশ ওষুধ উৎপাদনকারী কেন্দ্র হিমাচল প্রদেশে ইতিমদধ্যেই হাহাকার শুরু হয়েছে। হিমাচল ড্রাগ ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, কাঁচামাল আমদানি ৪০ শতাংশ কমে যাওয়ায় উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে বিশেষ টাস্কফোর্স গঠন এবং ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। কাঁচামাল ও রাসায়নিকের অভাবে সিরিঞ্জ, গ্লাভস এবং ক্যাথিটারের মতো চিকিৎসা সরঞ্জামের উৎপাদনও ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মজুত পণ্যের কারণে পরিষেবা স্বাভাবিক থাকলেও যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশজুড়ে ওষুধের চরম সংকট দেখা দিতে পারে। কাঁচামালের পাশাপাশি ইন্টারমিডিয়েট কেমিক্যাল ও বিশেষ প্লাস্টিকের ঘাটতি থাকায় হাসপাতালের বিল এবং চিকিৎসার খরচ সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য খাতের এই অস্থিরতা কাটাতে দ্রুত সরকারি হস্তক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *