যুদ্ধ পরিস্থিতিতেও বাড়ছে না পেট্রোল ও ডিজেলের দাম বড় স্বস্তি আমজনতার – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্থিরতা সত্ত্বেও ভারতের বাজারে এখনই বাড়ছে না পেট্রোল ও ডিজেলের দাম। সরকারি সূত্রের খবর অনুযায়ী, বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির আবহেও দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি গ্যাসের দামে সামান্য বৃদ্ধি হলেও সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপানোর কোনো পরিকল্পনা আপাতত কেন্দ্রের নেই।
জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সরকার কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি আধিকারিকদের মতে, মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে আমদানির উৎস পরিবর্তন করা হয়েছে। আগে ভারতের প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৬০ শতাংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল ছিল, যা বর্তমানে বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ, মধ্যপ্রাচ্যের বিকল্প দেশগুলো থেকে তেল সংগ্রহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে বড় কোনো ঘাটতি বা দামের ওপর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা কম।
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্র ইতিমধ্যেই ‘ফুয়েল সাপ্লাই ম্যানেজমেন্ট চেইন’ কর্মসূচি সক্রিয় করেছে। আমদানির বিকল্প ব্যবস্থার কারণে মধ্যপ্রাচ্যের ওপর ভারতের আগের ৪০ শতাংশ নির্ভরতা অনেকটাই হ্রাস পেয়েছে। কলকাতায় বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১০৫.৪১ টাকা এবং ডিজেল ৯২.০২ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও সাধারণ মানুষের পকেটে এখনই টান পড়ছে না, যা বড় স্বস্তির খবর।

