যুদ্ধ-সংকটে জ্বালানি টান: বড়মা মন্দিরে অন্নভোগ বন্ধ, বিকল্প ভাবছে আদ্যাপীঠ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় রাজ্যে এলপিজি সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। রান্নার গ্যাসের এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে নৈহাটির বড়মা মন্দিরে। গ্যাস না থাকায় আগামী সোমবার থেকে মন্দিরের বিপুল সংখ্যক ভক্তের জন্য আয়োজিত নিঃশুল্ক অন্নভোগ পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আয়োজন পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।
নৈহাটির বড়মা মন্দিরে সপ্তাহে কয়েক হাজার ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করেন। বিধায়ক সনৎ দে এবং মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, রান্নার গ্যাসের অভাবে এই বিশাল কর্মযজ্ঞ চালানো বর্তমানে আসাম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় এখন বড়মার মন্দিরের অন্নশালা। অন্যদিকে, দক্ষিণেশ্বর সংলগ্ন আদ্যাপীঠ মন্দিরেও একই সংকট তৈরি হয়েছে। সেখানে প্রতিদিন আবাসিক ও ভক্ত মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করতে হয়, যা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
পরিষেবা সচল রাখতে আদ্যাপীঠ কর্তৃপক্ষ প্রথাগত গ্যাসের পরিবর্তে বিকল্প ব্যবস্থার পথে হাঁটছে। মন্দিরের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই জানান, দেবসেবা ও নরনারায়ণ সেবা বন্ধ করা সম্ভব নয়, তাই বিকল্প হিসেবে ডিজেলচালিত উনুন ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন উভয় মন্দির কর্তৃপক্ষ। আপাতত সংকটের মোকাবিলা করে ভক্তসেবা জারি রাখাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দক্ষিণেশ্বরের এই পবিত্র পীঠস্থানে।

