যুবসাথী প্রকল্পের টাকা প্রদানে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাল বিকেলের মধ্যে প্রক্রিয়া শেষ করার লক্ষ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের ‘যুবসাথী’ প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে আর দেরি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশ দিয়েছেন যে, আগামীকালের মধ্যেই এই প্রকল্পের অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নবান্ন সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাল বিকেল চারটের মধ্যে যোগ্য আবেদনকারীদের কাছে যেন টাকা পৌঁছে যায়।
গত ৭ মার্চ থেকে রাজ্যজুড়ে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী আগেই এর সূচনা করেছিলেন। তবে অনেক উপভোক্তার অভিযোগ ছিল যে, এখনো তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা ক্রেডিট হয়নি। সেই সমস্যার দ্রুত সমাধানেই আজ প্রশাসনিক স্তরে এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, নির্বাচন বা অন্য কোনো কারণে যেন রাজ্যের উন্নয়নমূলক কাজ থমকে না থাকে। জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে আয়োজিত এই ভার্চুয়াল বৈঠকে তিনি আমলাদের সক্রিয় হওয়ার পরামর্শ দেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা নিশ্চিত করতেই প্রশাসনের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

