লেটেস্ট নিউজ

যোগীরাজ্যে ৪ বছরের শিশুকে নৃশংস খুন, এনকাউন্টারের পর পুলিশের জালে প্রতিবেশী যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের নন্দগ্রামে চার বছরের এক শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে স্থানীয় একটি ক্ষেত থেকে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক প্রজাপতি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে নিয়ে গিয়ে খুন করেছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার সকালে পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। অভিযান চলাকালীন প্রজাপতি পুলিশকে লক্ষ্য করে আচমকা গুলি ছুড়তে শুরু করলে পালটা জবাব দেয় বাহিনীও। এনকাউন্টারে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে চার বছরের ওই একরত্তি শিশুকে সে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ জানতে পুলিশি জেরা ও তদন্ত জারি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *