লেটেস্ট নিউজ

রকেটের গতিতে ছুটে আসা গাড়ির ভয়াবহ উলটপুরাণ, হুগলিতে দুই বার ডান্সারসহ মৃত ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির পোলবার আলিনগরে রবিবার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণীসহ তিন জন। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন নদীয়ার জ্যোতি বিশ্বাস (২১), হরিয়ানার যোগিতা রানা এবং দাদপুরের হাসিব আহমেদ (৩০)। জ্যোতি ও যোগিতা স্থানীয় একটি পানশালায় বার ডান্সার হিসেবে কর্মরত ছিলেন। গুড়াপের একটি ধাবায় রাতের খাবার খেয়ে ফেরার পথে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লাল রঙের চারচাকা গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে দাদপুরের দিকে আসছিল। আচমকা রাস্তায় একটি কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সজোরে একটি গাছে ধাক্কা মেরে একাধিকবার পাল্টি খায়। গাড়ির চালক সাগির হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি থেকে পুলিশ রক্তাক্ত দেহগুলি উদ্ধার করে।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির অনিয়ন্ত্রিত গতিই এই ভয়াবহ পরিণতির মূল কারণ। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং চালকের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। উদ্দাম গতির কারণে তিনটি তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *