রাজধানীতে লস্কর হামলার সতর্কতা, পাঞ্জাব ও কাশ্মীরে আইইডি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের প্রতিশোধ নিতে দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষছে লস্কর-ই-তৈবা। গোয়েন্দা সূত্রে খবর, জনবহুল এলাকা, ধর্মীয় স্থান এবং লালকেল্লার মতো পর্যটন কেন্দ্রগুলো জঙ্গিদের নিশানায় রয়েছে। এই সতর্কবার্তার পরেই রাজধানী জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
দিল্লিতে হামলার আশঙ্কার মাঝেই পাঞ্জাব ও কাশ্মীরে উদ্ধার হয়েছে শক্তিশালী আইইডি। অমৃতসরের রাইয়া পুলিশ পোস্টের কাছ থেকে একটি বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, কাশ্মীরের গান্দেরবাল এলাকা থেকেও একটি আইইডি উদ্ধার করা হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে বড়সড় বিপদ এড়াতে সক্ষম হয়।
গত কয়েক দিনে উত্তর কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা বাহিনী অত্যন্ত তৎপর। তিন মাস আগে লালকেল্লার কাছে ঘটা বিস্ফোরণের স্মৃতি উস্কে দিয়ে নতুন করে এই জঙ্গি হামলার সতর্কতা জারি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দিল্লির মন্দির ও বাজারগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন গতিবিধির ওপর কড়া নজর রাখছেন গোয়েন্দারা।

