লেটেস্ট নিউজ

রাজ্যগুলোর ‘খয়রাতি সংস্কৃতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

দেশের বিভিন্ন রাজ্যে ক্রমবর্ধমান ‘খয়রাতি সংস্কৃতি’ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তামিলনাড়ু রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি আর্জির প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায়, অধিকাংশ রাজ্যে বিপুল রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও জনমোহিনী প্রকল্পের রমরমা চলছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রাজ্যগুলোর এই তুষ্টিকরণ নীতির কড়া সমালোচনা করেন।

তামিলনাড়ু সরকার রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, উপযুক্ত বা সামর্থ্যবান ব্যক্তিদের আলাদা না করে কেন ঢালাও সুবিধা দেওয়া হচ্ছে? বিনামূল্যে রেশন, সাইকেল ও বিদ্যুৎ দেওয়ার এই প্রবণতা কর্মসংস্থানের পরিবেশ ও সুস্থ কর্মসংস্কৃতিকে নষ্ট করছে বলে পর্যবেক্ষণ দেয় আদালত।

আদালত স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজ্য নয়, বরং দেশের সব রাজ্যের ক্ষেত্রেই এই পর্যবেক্ষণ প্রযোজ্য। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর দেওয়া অতিরিক্ত প্রতিশ্রুতির ফলে আর্থিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতিরা। রাজ্যগুলোকে খয়রাতির বদলে কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *