লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি, ভোটের আবহে বড় ঘোষণা নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর শোনাল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষের জন্য তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাসের পরিমাণ বাড়িয়ে ৭,৪০০ টাকা করা হয়েছে। নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে যা অবিলম্বে বলবৎ হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০২৪–২৫ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা। নতুন অর্থবর্ষে তা ৬০০ টাকা বৃদ্ধি পাওয়ায় উপকৃত হবেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলান্টিয়াররা। প্রশাসনিক মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করেই এই আর্থিক স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

ভোটের আগে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি এবং বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়েও বড় ঘোষণা করেছে রাজ্য। যুবসাথী প্রকল্পের আওতায় থাকা প্রায় ৫৪ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টেও মার্চ মাস থেকে ভাতার টাকা পৌঁছাতে শুরু করেছে। সব মিলিয়ে নতুন অর্থবর্ষের শুরুতেই এই বোনাস বৃদ্ধি সিভিক ভলান্টিয়ারদের মুখে হাসি ফুটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *