রাজ্যপাল বদল কলকাতায়: বিদায় নিলেন আনন্দ বোস, দায়িত্ব নিচ্ছেন আর এন রবি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ ছাড়লেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার দুপুরে তিনি কলকাতা থেকে কেরলের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে বিদায় জানান দমকলমন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যপাল পদ থেকে আনন্দ বোসের আকস্মিক ইস্তফার পর তাঁর উত্তরসূরি হিসেবে আর এন রবির নাম ঘোষণা করা হয়।
আনন্দ বোস শহর ছাড়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই সন্ধ্যায় কলকাতায় পৌঁছান নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজভবনের (লোকভবন) উদ্দেশে রওনা দেন। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় লোকভবনে নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। এই সমারোহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্যের পরবর্তী স্থায়ী রাজ্যপাল হিসেবে আর এন রবির এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

