রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং ওড়িশায় ৩ বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশা বিধানসভায় রাজ্যসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস। বহিষ্কৃতরা হলেন সানা খেমুন্ডির বিধায়ক রমেশ জানা, মোহনার দশরাথ গোমাঙ্গ এবং বারাবতী কটকের সোফিয়া ফিরদৌস। ওড়িশা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অভিযোগ উঠেছে, দলীয় নির্দেশ অমান্য করে ওই তিন বিধায়ক বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ রায়কে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে থেকেই ক্রস ভোটিংয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা ছিল, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। এই ঘটনার পরেই কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকমান্ড।
ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস এই পদক্ষেপ নিশ্চিত করে জানিয়েছেন, দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে ওই বিধায়কদের এই ‘বিশ্বাসঘাতকতা’ অত্যন্ত অপ্রত্যাশিত। রাজনৈতিক মহলের মতে, এই বহিষ্কারের ফলে ওড়িশার রাজনীতিতে কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণ আরও জটিল হয়ে উঠল।

