রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া? মমতাকে বিঁধে বিস্ফোরক জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র!
কলকাতায় কেন্দ্রীয় বাজেটের ব্যাখ্যা দিতে এসে রাজ্য-কেন্দ্র সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। রাজ্যের প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ সরাসরি খণ্ডন না করে তিনি রাজ্য সরকারি কর্মীদের ডিএ ইস্যুকে ঢাল করেন। ভূপেন্দ্রর পাল্টা প্রশ্ন, যিনি নিজের কর্মীদের ন্যায্য পাওনা বছরের পর বছর আটকে রেখেছেন এবং তাঁদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন, তাঁর মুখে বকেয়ার অভিযোগ মানায় না।
ভূপেন্দ্র যাদব অভিযোগ করেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে ২০ লক্ষ কর্মচারী এখনও সপ্তম বেতন কমিশনের সুবিধা থেকে বঞ্চিত এবং ষষ্ঠ বেতন কমিশনের জন্য লড়ছেন। ডিএ না পাওয়া জনিত হতাশার কারণেই কর্মীদের মৃত্যু হচ্ছে বলে তিনি দাবি করেন। প্রশাসনিক ব্যর্থতা ও জাতীয় নিরাপত্তার সঙ্গে আপসের অভিযোগে বিঁধে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর উচিত নিজের পরাজয় স্বীকার করে অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের কাছে ক্ষমা চাওয়া।

