রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক বিভ্রাট: কমিশনের পোর্টালে অভিষেক ‘বিবেচনাধীন’, শুভেন্দু ‘বাদ’ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে কমিশনের পোর্টালে দেখা যায়, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ‘বিবেচনাধীন’ বা অ্যাডজুডিকেশন পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে ‘ডিলিটেড’ বা বাদ হিসেবে প্রদর্শিত হচ্ছে। এই ঘটনায় কমিশনের ডিজিটাল নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।
তৃণমূলের অভিযোগ, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে ভোটার তালিকা থেকে প্রায় ১০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, বিজেপির দুর্বল কেন্দ্রগুলিতে বিশেষ করে মহিলা ভোটারদের স্ট্যাটাস ‘বিচারাধীন’ করে দেওয়া হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি হোক বা ইচ্ছাকৃত কৌশল, এই পরিস্থিতির ফলে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে ঘাসফুল শিবির।
নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রে এটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে মনে করা হচ্ছে। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এমন পরিবর্তন, তা নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বহু নাগরিক। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কমিশন কত দ্রুত এই সমস্যার সমাধান করে, এখন সেটাই দেখার।

