লেটেস্ট নিউজ

রাজ্যে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ধর্মতলার জনসভা থেকে পশ্চিমবঙ্গবাসীদের জন্য ১৮ হাজার ৬৮০ কোটি টাকারগুচ্ছ প্রকল্পের উপহার দিতে চলেছেন। এই কর্মসূচির আওতায় মূলত রেল, সড়কপথ এবং বন্দর পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদীর এই সফর রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

রেল পরিষেবায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পুরুলিয়া-আনন্দ বিহার ট্রেনের সূচনা করবেন, যা পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত যাতায়াত সহজতর করবে। পাশাপাশি, ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে পুনর্নির্মিত বারাসাত, হলদিয়া, তমলুকসহ মোট ছয়টি আধুনিক রেল স্টেশনের উদ্বোধন হবে। হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে যান্ত্রিকীকরণ প্রকল্পেরও শুভ সূচনা করবেন তিনি।

সড়কপথের উন্নয়নে প্রধানমন্ত্রী ৪২০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম হলো ১৬,৯৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা খড়্গপুর-মোরগ্রাম অর্থনৈতিক করিডর। এই করিডরটি চালু হলে খড়্গপুর থেকে শিলিগুড়ির দূরত্ব ১২০ কিলোমিটার কমে যাবে এবং দীর্ঘ যাত্রা পথে প্রায় ৭-৮ ঘণ্টা সময় সাশ্রয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *