রাজ্য নির্বাচনে কমিশনের বড় রদবদল, ভিনরাজ্যে পাঠানো হলো বাংলার ৫ আইএএস অফিসারকে – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। গত বুধবার রাজ্যের অর্ধেকের বেশি জেলার জেলাশাসক (ডিএম) পরিবর্তনের পর, এবার পাঁচজন আইএএস অফিসারকে ভিনরাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন প্রীতি গোয়েল, রানি আয়েশা, অরবিন্দ কুমার মিনা, সিয়াদ এন এবং শামা পারভিনের মতো আধিকারিকরা। এছাড়া পঞ্চায়েত সচিব উল্গানাথানকেও ভিনরাজ্যে বদলি করা হয়েছে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, এই আধিকারিকদের তিন দফায় তামিলনাড়ু যেতে হবে। প্রথম দফায় শুক্রবারের মধ্যে পৌঁছে এক সপ্তাহ থাকতে হবে এবং পরবর্তী দফায় ৩০ মার্চ থেকে ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। এর আগে আইপিএস আধিকারিকদের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
তবে কমিশনের এই ধারাবাহিক রদবদলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে তিনি এই প্রক্রিয়াকে ‘একতরফা’ এবং ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর মতে, প্রশাসনের শীর্ষস্তরে এই গণ-বদল রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত এবং সাংবিধানিক শিষ্টাচারের লঙ্ঘন। যদিও আপত্তির তোয়াক্কা না করেই কমিশন তাদের সিদ্ধান্ত কার্যকর করার পথে অনড় রয়েছে।

