লেটেস্ট নিউজ

রাজ্য সরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ বাড়াতে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির অনুমোদন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর, ন’টি রাজ্য পরিবেষ্টিত সার্ভিসের বিভিন্ন বেতন স্তরে ২০ শতাংশ অতিরিক্ত পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। অভিজ্ঞ আধিকারিকদের উচ্চতর দায়িত্ব প্রদান এবং ডব্লিউবিসিএস ক্যাডারদের মধ্যে বেতন কাঠামো ও পদসংখ্যায় সমতা আনাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট সেক্রেটারি স্তরে পদের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৬ করা হয়েছে। এছাড়া রেভিনিউ সার্ভিস, কমার্শিয়াল ট্যাক্স, কো-অপারেটিভ, ফুড অ্যান্ড সাপ্লাই এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস-সহ একাধিক বিভাগে কয়েকশো নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের ক্ষেত্রে ১৯ নম্বর পে-লেভেলে ৩০ শতাংশ অতিরিক্ত পদ তৈরির বিশেষ সংস্থান রাখা হয়েছে।

প্রশাসনিক পরিকাঠামোয় গতি আনতে গ্রুপ ‘এ’ আধিকারিকদের পদোন্নতির পথ আরও সুগম করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ডব্লিউবিসিএস আধিকারিকরা দুই বছর প্রবেশন পিরিয়ডে বিডিও হিসেবে কাজ করার পর সরাসরি এসডিও পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। সরকারের এই পদক্ষেপের ফলে দীর্ঘকাল ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা আমলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *