লেটেস্ট নিউজ

রাজ্য সরকারি পেনশনভোগীদের পকেটে আসছে ৩,৮০০ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এককালীন ‘এক্স-গ্র্যাশিয়া’ বা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করল রাজ্য অর্থ দফতর। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য পেনশনভোগীরা মাথা পিছু ৩,৮০০ টাকা করে পাবেন।

কারা পাবেন এই সুবিধা

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, যারা ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে অবসর নিয়েছেন অথবা ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অবসর গ্রহণ করেছেন বা মারা গিয়েছেন, তারা এই অনুদান পাবেন। তবে শর্ত হলো, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনভোগীর মূল পেনশন ও মহার্ঘ ত্রাণের (DR) যোগফল মাসিক ৪০ হাজার টাকার বেশি হওয়া চলবে না। পারিবারিক পেনশনভোগী এবং বিধবা পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন।

টাকা পাওয়ার সময়সীমা

উৎসবের কথা মাথায় রেখে অর্থ প্রদানের দুটি আলাদা সময় ঠিক করা হয়েছে।

  • মুসলিম পেনশনভোগী: ২০২৬ সালের ইদ-উল-ফিতরের আগেই এই টাকা পাবেন।
  • অন্যান্য পেনশনভোগী: আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ অক্টোবরের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

বিশেষ ঘোষণা

অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় প্রশাসনের যোগ্য পেনশনভোগীরাও এই একই পরিমাণ টাকা পাবেন। তবে যারা কোনো পাবলিক আন্ডারটেকিং সংস্থায় পুনরায় নিযুক্ত হয়ে বোনাস পাচ্ছেন, তারা এই সুবিধা পাবেন না।

রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা শুরু হলেও নবান্ন সূত্রে জানানো হয়েছে, এটি প্রতি বছরের নিয়মিত প্রক্রিয়া এবং এর সঙ্গে নির্বাচনের কোনো সরাসরি যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *