রাডারের নজর এড়িয়ে আকাশপথে আধিপত্য বাড়াতে ৪০টি রুশ ‘সুখই-৫৭’ কিনছে ভারত
পাকিস্তান ও চিনের ক্রমবর্ধমান আকাশশক্তিকে টেক্কা দিতে রাশিয়ার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ‘স্টিলথ’ ফাইটার জেট ‘সুখই-৫৭’ কেনার পরিকল্পনা করছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রায় ৪০টি যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। গত বছরের পহেলগাম হামলার বদলা নিতে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর আকাশযুদ্ধে প্রযুক্তির প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সুখই-৫৭-এর মূল বৈশিষ্ট্য হলো রাডারের নজর এড়িয়ে যাওয়ার বিশেষ ক্ষমতা বা ‘লো অবজার্ভবিলিটি’। এর বডি বিশেষ রাডার-শোষক উপাদান দিয়ে তৈরি, যা একে ইনফ্রারেড বা সাধারণ চোখেও প্রায় অদৃশ্য করে তোলে। এছাড়া বিমানে থাকা বিস্ফোরণ-রোধী জ্বালানি ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে এর টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
চিনের হাতে ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মের ‘জে-২০’ স্টিলথ ফাইটার থাকায় এবং পাকিস্তানের সেই প্রযুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ভারত এই সক্রিয়তা দেখাচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (AMCA) তৈরির কাজ চললেও, তা ২০৩৫ সালের আগে হাতে পাওয়া সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সময়ে আকাশসীমায় নিজেদের পাল্লা ভারী রাখতেই রাশিয়ার এই ‘অদৃশ্য’ যুদ্ধবিমানের ওপর ভরসা রাখছে দিল্লি।

