রান্নার গ্যাস নাকি ইন্ডাকশন কোনটিতে খরচ কম ও দ্রুত রান্না হয় জেনে নিন আসল হিসেব – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকারের জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার না বিদ্যুৎ চালিত ইন্ডাকশন কোনটি বেশি সাশ্রয়ী তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে একটি ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯০০ থেকে ১০০০ টাকার আশেপাশে। তিন থেকে পাঁচ জনের পরিবারে একটি সিলিন্ডার সাধারণত এক মাস চলে। অন্যদিকে একই পরিমাণ রান্নার জন্য ইন্ডাকশনে মাসে প্রায় ৭০ থেকে ৮০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ থেকে ৮ টাকা ধরলে মাসে খরচ দাঁড়ায় ৫৫০ থেকে ৬৫০ টাকা। সেই হিসেবে এলপিজি গ্যাসের তুলনায় ইন্ডাকশনে রান্না করা অনেকটাই সস্তা।
শক্তির অপচয় রোধেও ইন্ডাকশন অনেক এগিয়ে। গ্যাসে রান্নার সময় মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ তাপ কাজে লাগে এবং বাকিটা বাতাসে মিশে যায়। কিন্তু ইন্ডাকশন সরাসরি পাত্র গরম করায় প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ শক্তি রান্নার কাজে ব্যবহৃত হয়। ফলে ইন্ডাকশনে রান্না দ্রুত সম্পন্ন হয় এবং চারপাশের পরিবেশও ঠান্ডা থাকে।
তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গ্যাস ওভেনে একসঙ্গে একাধিক পদ রান্না করা গেলেও একটি ইন্ডাকশনে কেবল একটিই পদ রান্না করা সম্ভব। এছাড়া ইন্ডাকশনের জন্য বিশেষ ধরনের বাসনের প্রয়োজন হয় যা প্রাথমিকভাবে কিছুটা খরচসাপেক্ষ। দীর্ঘ সময় ধরে ভাজা বা সেদ্ধ করার কাজে অনেক সময় গ্যাস ওভেন বেশি সুবিধাজনক মনে করেন গৃহিণীরা। সামগ্রিক বিচারে দ্রুত রান্না ও মাসকাবারি খরচ বাঁচাতে বর্তমানে ইন্ডাকশন একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠেছে।

