রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘স্বামী’ সম্বোধন মোদীর, কড়া প্রতিক্রিয়া মমতার
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বাংলার মহান মনীষীদের প্রতি বারবার ‘সাংস্কৃতিক অসংবেদনশীলতা’ প্রদর্শন করছেন। রামকৃষ্ণের নামের আগে ‘স্বামী’ উপাধি ব্যবহার করা ঐতিহাসিক ও প্রথাগতভাবে অনুচিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন যে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বজনবিদিতভাবে ‘ঠাকুর’ হিসেবে পরিচিত। রামকৃষ্ণ মঠ ও মিশনের শিষ্যরা প্রথা অনুযায়ী ‘স্বামী’ হিসেবে অভিহিত হলেও গুরু স্বয়ং সর্বদা ‘আচার্য’ বা ‘ঠাকুর’ হিসেবেই পূজিত হন। তিনি রামকৃষ্ণ পরম্পরার পবিত্র ত্রয়ী—ঠাকুর, মা সারদা ও স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করিয়ে দিয়ে নামের সঠিক ব্যবহারের ওপর জোর দেন।
বাংলার নবজাগরণের মহান ব্যক্তিত্বদের ক্ষেত্রে কোনো নতুন উপসর্গ বা উপাধি ‘আবিষ্কার’ না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আধুনিক ভারত গড়ার কারিগরদের পরিচিতি বিকৃত করা বাংলার সংস্কৃতির অবমাননা। মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আরও সতর্ক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

