রামনবমীতে রণসজ্জায় হাওড়া পুলিশ: ড্রোন ও সিসিটিভি নজরদারিতে মুড়ল শিবপুর – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন রামনবমী ও লোকসভা নির্বাচনের জোড়া চ্যালেঞ্জ মোকাবিলায় হাওড়ায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দুই বছর আগে শিবপুরের জি টি রোডে ঘটা অশান্তির পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার নবনিযুক্ত পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করেন এবং প্রস্তুতির খতিয়ান নেন।
নিরাপত্তা নিশ্চিত করতে কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত এলাকাকে একাধিক জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে ডিসি ও এসিপি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। নজরদারির জন্য থাকছে চারশোর বেশি সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবহার এবং বহুতলের ছাদে সশস্ত্র পুলিশ। এছাড়া যানজট এড়াতে রামনবমীর দিন নির্দিষ্ট সময়ে জি টি রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
হাইকোর্টের নির্দেশ মেনে শর্তসাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে, যেখানে সর্বোচ্চ ৫০০ জন অংশগ্রহণ করতে পারবেন। মিছিলে সব ধরনের ধাতব অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে এবং বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। একইসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটও শান্তি বজায় রাখতে আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেছে।

