লেটেস্ট নিউজ

রামনবমীর পুজো ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পরিস্থিতি সামাল দিতে সশরীরে উপাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রামনবমীর পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ত্রিগুণা সেন সভাঘর ও প্রযুক্তি ভবনের নিচে আয়োজিত এই পুজোয় অংশ নেন এবিভিপি ও একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের সদস্যরা। অনুষ্ঠান চলাকালীন ‘জয় শ্রী রাম’ ধ্বনি উঠলে পালটা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান বামপন্থী পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে ঘটনাস্থলে উপস্থিত হতে হয়।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রেজিস্ট্রার জানান, কোনো লিখিত অনুমতি দেওয়া না হলেও সরাসরি বাধাও দেওয়া হয়নি। বামপন্থী ছাত্রছাত্রীদের দাবি, ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে এবং আয়োজকদের মধ্যে অনেকেই বহিরাগত ছিলেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের বাইরেই পুজোর আয়োজন করেন।

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং বিশৃঙ্খলার ঘটনায় ছাত্র নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। উপাচার্য বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, সরস্বতী পুজো ছাড়া অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি ক্যাম্পাসের ভেতরে দেওয়া হয় না। আপাতত দুই বিশ্ববিদ্যালয় চত্বরেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *