রায়নায় বামপ্রার্থী সোমনাথের সমর্থনে দেওয়াল লিখন ও প্রচারের তুঙ্গে তরুণ তুর্কিরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রায়না বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করল সিপিআই(এম)। বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে সোমনাথ মাজীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ব্লকজুড়ে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। সোমবার রাতে প্রার্থীর নাম চূড়ান্ত হতেই রায়না পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক চন্দ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে কর্মীরা দেওয়ালগুলিতে প্রার্থীর নাম যোগ করার কাজ সম্পন্ন করেন।
প্রচারের কৌশল হিসেবে শুধু দেওয়াল লিখন নয়, সেহারাবাজার এলাকায় একটি বিশাল মিছিলের আয়োজন করে বাম শিবির। গোটা এলাকা ফ্লেক্স ও দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, এবারের নির্বাচনে কর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং আদর্শগত লড়াইয়ে তাদের এগিয়ে আসা দলকে বাড়তি অক্সিজেন দিচ্ছে।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে পাথেয় করে সোমনাথ মাজীকে জয়ী করতে মরিয়া রায়নার বাম নেতৃত্ব। রাজ্যজুড়ে বামেদের যে নতুন উদ্যম তৈরি হয়েছে, তার প্রতিফলন রায়নাতেও দেখা যাবে বলে আশাবাদী স্থানীয় কমিটি। আগামী দিনগুলিতে পাড়ায় পাড়ায় নিবিড় জনসংযোগ, ছোট সভা এবং বড় জন সমাবেশের মাধ্যমে প্রচার অভিযান আরও তীব্র করার পরিকল্পনা গ্রহণ করেছে সিপিআই(এম)।

