রেলে টিকিট বুকিং ব্যবস্থায় বড় বদল, ৫ গুণ বাড়বে তৎকাল টিকিটের ক্ষমতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রেলযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বা পিআরএস (PRS) সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন সিস্টেম চালু হলে টিকিট বুকিংয়ের গতি ও সক্ষমতা বর্তমানের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতি মিনিটে যেখানে ২৫ হাজার টিকিট বুক করা যায়, নতুন ব্যবস্থায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ২৫ হাজারে। এর ফলে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দীর্ঘক্ষণ অপেক্ষা বা সার্ভার ডাউনের মতো সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারণ যাত্রীরা।
রেল সূত্রের খবর, অবৈধ সফটওয়্যারের মাধ্যমে টিকিট কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২.৫ কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করেছে রেল কর্তৃপক্ষ। আধুনিক এই প্রযুক্তিতে জালিয়াতি রোধের পাশাপাশি দ্রুত ডেটা প্রসেসিংয়ের সুবিধা মিলবে, যা বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) বর্তমানে এই ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
সব ঠিক থাকলে আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে এই নতুন বুকিং সিস্টেমটি পুরোপুরি কার্যকর হতে পারে। ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ আধুনিকীকরণের লক্ষ্যমাত্রা রাখা হলেও, যাত্রীদের সুবিধার্থে দ্রুত পরিষেবা শুরুর চেষ্টা চলছে। রেলের এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে অফলাইন ও অনলাইন—উভয় ক্ষেত্রেই টিকিট কাটার বিড়ম্বনা কমবে এবং সাধারণ মানুষ অনেক স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় ট্রেনের আসন নিশ্চিত করতে পারবেন।

