লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রণবীর সিং, ১০ কোটি টাকা চেয়ে হুমকি ফোন
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের কাছে ১০ কোটি টাকা দাবি করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকির বার্তা পাঠানো হয়েছে। আমেরিকার একটি ফোন নম্বর থেকে অভিনেতার ম্যানেজারের হোয়াটসঅ্যাপে এই ভয়েস নোট পাঠান গ্যাংয়ের অন্যতম প্রধান সদস্য হ্যারি বক্সার। সম্প্রতি পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার পরপরই এই হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ফোন নম্বরটির বিস্তারিত তথ্যের জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এই চক্রের সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত করতে এবং হুমকির উৎস খুঁজে বের করতে পুলিশ তৎপর। তদন্তের অংশ হিসেবে অভিনেতার ম্যানেজারের জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়নি।
বিষ্ণোই গ্যাং ইতিপূর্বে সলমন খান এবং বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে। রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল এই গ্যাং। উদ্ভূত পরিস্থিতিতে রণবীর সিংয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বলিউড তারকাদের একের পর এক হুমকির ঘটনায় বর্তমানে বিনোদন জগতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

