লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফি খতম: পাকিস্তানের মুরিদকেতে সদর দপ্তরের ভেতরেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে লস্কর-ই-তইবার প্রধান সদর দপ্তর ‘মারকাজ তইবা’-র ভেতরেই খতম হলো শীর্ষ কমান্ডার বিলাল আরিফ সালাফি। শনিবার ঈদের নামাজের পরপরই অজ্ঞাতপরিচয় আততায়ীরা অত্যন্ত সাহসিকতার সাথে এই অপারেশন চালায়। লস্করের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই দুর্গের ভেতরেই সালাফিকে প্রথমে গুলি ও পরে জনসমক্ষেই একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে সালাফি এবং চারপাশে চরম আতঙ্ক বিরাজ করছে। বিলাল আরিফ সালাফি মূলত পাকিস্তানের তরুণদের মগজধোলাই করে লস্করের ‘কাশ্মীর জিহাদ’ এজেন্ডার জন্য নিয়োগ ও প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল। মে ২০২৫ সালে ভারতীয় বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এ ধ্বংস হওয়ার পর পুনর্নির্মিত এই দপ্তরে এমন হত্যাকাণ্ড সংগঠনটির জন্য বড় ধাক্কা।
লস্করের মেরুদণ্ড হিসেবে পরিচিত সালাফির এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কোনো সুপরিকল্পিত কৌশল রয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডটি পাকিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বর্তমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার চিত্রই ফুটিয়ে তুলেছে।

