লাইসেন্স ছাড়াই চলবে ১২০ কিমি: মাত্র ৬০ হাজারে বাজারে এল সেলিও-র নতুন ইলেকট্রিক স্কুটার – এবেলা
এবেলা ডেস্কঃ
হরিয়ানার ইলেকট্রিক যান প্রস্তুতকারক সংস্থা সেলিও ই-মোবিলিটি ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের জনপ্রিয় স্কুটার এক্স-মেন প্লাস-এর ২০২৬ এডিশন। নতুন এই মডেলে রাইডিং অভিজ্ঞতা উন্নত করতে পিছনের চাকার আকার বাড়ানো হয়েছে। আকর্ষণীয় ডিজাইন ও উন্নত প্রযুক্তির এই স্কুটারটি বর্তমানে কালো, সাদা, নীল এবং ধূসর—এই চারটি রঙে পাওয়া যাচ্ছে।
মাত্র ৬০,০০০ টাকা বাজেটের এই স্কুটারের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর রেঞ্জ ও গতি। এক বার চার্জ দিলে এটি ১২০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। যেহেতু এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি, তাই এটি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ওজনে হালকা এই স্কুটারটি ১৮০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম।
প্রযুক্তির দিক থেকে এতে ডিজিটাল ডিসপ্লে, অ্যান্টি-থেফট অ্যালার্ম, রিভার্স গিয়ার এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো স্মার্ট ফিচার রয়েছে। লিথিয়াম ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা। গ্রাহকদের সুবিধার্থে সংস্থাটি স্কুটারের ওপর ২ বছর এবং ব্যাটারির ওপর ১ বছরের ওয়ারেন্টি প্রদান করছে।

