লেটেস্ট নিউজ

লুটপাটের উদ্দেশ্যে বৃদ্ধাকে নৃশংসভাবে গলা কেটে খুন, বেঙ্গালুরুতে গ্রেফতার অভিযুক্ত

বেঙ্গালুরুর নেলমঙ্গলা এলাকায় চুরির উদ্দেশ্যে এক বৃদ্ধাকে নৃসংশভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শোভা (৬০)। মঙ্গলবার বিকেলে পিট স্ট্রিটের বাড়িতে জল খাওয়ার অছিলায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে দেয় আততায়ী। সেই সময় বাড়িতে উপস্থিত তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্বামী হুইলচেয়ারে বসে অসহায়ভাবে গোটা ঘটনা প্রত্যক্ষ করলেও শারীরিক অক্ষমতার কারণে বাধা দিতে পারেননি। বিকেলের দিকে ফিজিওথেরাপিস্ট বাড়িতে এলে বিষয়টি জানাজানি হয়।

তদন্তে নেমে নেলমঙ্গলা টাউন পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্কুটারের নম্বর মিলিয়ে শিবকুমার (৩৫) নামে এক দোকানদারকে গ্রেফতার করেছে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি এবং মোবাইল। জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে, বাজারে প্রায় ৮ লক্ষ টাকার দেনা থাকায় সে এই অপরাধের পরিকল্পনা করেছিল। বাজার থেকে ফেরার সময় শোভার গয়না দেখে সে তাঁকে লক্ষ্য করে এবং একা পেয়ে বাড়িতে ঢুকে সব গয়না লুটে নিয়ে চম্পট দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিবকুমার অত্যন্ত ঠান্ডা মাথায় এই খুনের ছক কষেছিল। ঘটনার পর স্বাভাবিক থাকার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় সে ধরা পড়ে যায়। মৃত দম্পতির কোনো সন্তান না থাকায় শোভাই অসুস্থ স্বামীর দেখভাল করতেন। প্রকাশ্য দিবালোকে এমন নারকীয় হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পিছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *